শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চালু হয়েছে শিক্ষার্থী বাসের লাইভ ট্র্যাকিং সিস্টেম (Live Tracking System)। ‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে এ প্রযুক্তিনির্ভর সেবার উদ্বোধন করা হয়।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিস্টেমটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে শিক্ষার্থীরা রিয়েল-টাইমে বাসের অবস্থান জানতে পারবেন, ফলে দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষার ভোগান্তি কমবে। পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
বক্তারা জাকসুর এ উদ্যোগকে যুগোপযোগী উল্লেখ করে বলেন, প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন-সংক্রান্ত ভোগান্তি দূরীকরণে এ উদ্যোগের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম এবং পরিবহন সম্পাদক মো. তানভীর রহমান। তারা জানান, শিক্ষার্থীদের পরিবহন সেবা আরও সহজলভ্য ও নিরাপদ করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে স্মার্টফোনের মাধ্যমে যেকোনো শিক্ষার্থী সহজেই জানতে পারবেন তার কাঙ্ক্ষিত বাসটি বর্তমানে কোথায় রয়েছে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
অনুষ্ঠানে জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ইফাদ টেকনোলজিস’-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এই লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ইউ